Theft

বিএসএফ জওয়ানের বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি, খোয়া গেল সোনা-নগদ

নদিয়ার কৃষ্ণগঞ্জের পিরপুর পাড়ায় বিএসএফ জওয়ানের বাড়িতে তালা ভেঙে চুরির অভিযোগ। বাড়ি ফাঁকা থাকার সুযোগে আলমারি ভেঙে ১২–১৫ ভরি সোনার গয়না ও প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০২:২২

কেউ ছিল না বাড়িতে। সেই সুযোগেই কাজে লাগাল চোর। ভর সন্ধ্যায় তালা ভেঙে চুরির অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জের পিরপুর পাড়ায় বিএসএফে কর্মরত এক জওয়ানের বাড়িতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি থেকে ১২ থেকে ১৫ ভরি সোনার গয়না এবং প্রায় দেড় লক্ষ টাকা নগদ নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে।

বাড়ির মালিক আনন্দ ঘোষ জানান, তাঁর স্ত্রী অঞ্জলি ঘোষ অসুস্থ থাকায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তাঁদের পুত্রবধূ রিতা ঘোষ এবং ছোট নাতি। পরে রিতা তাঁর ছেলেকে নিয়ে পাশের গ্রামের শ্যামনগরে বাপের বাড়িতে যান। রিতার স্বামী অনিমেষ ঘোষ বিএসএফে কর্মরত। বর্তমানে তিনি গুজরাটে রয়েছেন।

আনন্দবাবু বাড়িতে একা ছিলেন। সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে তিনি রাস্তায় বন্ধুদের সঙ্গে গল্প করতে যান। সেই সুযোগেই চোরেরা বাড়িতে ঢোকে বলে অভিযোগ।

কিছুক্ষণ পর বাড়িতে ফিরে দরজার কাছে এসে অনাদাবাবু তালা দেখতে পাননি। ভিতরে ঢুকে দেখেন, ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো। আলমারিও ভাঙচুর করা হয়েছে। এরপর চিৎকার করে তিনি প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরাই কৃষ্ণগঞ্জ থানায় খবর দেন।

খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কীভাবে চোরেরা বাড়িতে ঢুকল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া সামগ্রীর তালিকাও তৈরি করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share