Metro Update

দুর্গাপুজোর আগে মেট্রোর টিকিট কাটায় নতুন সুবিধা, QR কোড স্ক্যান ও Paytm থেকেই বুকিং

বুধবার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নতুন পরিষেবার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং Paytm-এর প্রতিনিধিরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৬:৫০

দুর্গাপুজোর আগে যাত্রীদের সুবিধার্থে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে দুটি নতুন পরিষেবা চালু করল কলকাতা মেট্রো রেল। বুধবার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নতুন পরিষেবার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং Paytm-এর প্রতিনিধিরা।

নতুন পরিষেবার মাধ্যমে স্টেশনে লাগানো QR কোড স্ক্যান করেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এর জন্য আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে। পরবর্তী সময়ে মেট্রোর সমস্ত করিডরের অন্যান্য স্টেশনেও এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি, এ বার থেকে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের পাশাপাশি Paytm অ্যাপ ব্যবহার করেও গন্তব্য অনুযায়ী মেট্রোর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এই পরিষেবা চালুর ফলে টিকিট কাটার জন্য কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্ত জানান, নতুন এই উদ্যোগের ফলে যাত্রীরা আরও দ্রুত ও সহজে টিকিট কাটতে পারবেন। এতে তাঁদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে।

দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতা মেট্রোয় যাত্রীদের ভিড় বাড়ে। সেই কথা মাথায় রেখেই টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন এই দুই পরিষেবা চালু হওয়ায় উৎসবের মরশুমে যাত্রীদের ভোগান্তি কমবে এবং মেট্রোয় যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।


Share