Calcutta High Court

ছবিতে অভিনয়ের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, আগাম জামিন পেলেন না সোহম

এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোহম। কিন্তু বুধবার তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। এর আগে গত জুন মাসে বালুরঘাট জেলা আদালতেও আগাম জামিন পাননি অভিনেতা।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৩:০০

রূপোলি পর্দায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে আইনি জটিলতা বাড়ল অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। অভিযোগ, একটি বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত শুটিং শুরু হয়নি। বারবার টাকা ফেরত চেয়েও তা পাওয়া যায়নি বলে দাবি অভিযোগকারীর। এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোহম। কিন্তু বুধবার তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। এর আগে গত জুন মাসে বালুরঘাট জেলা আদালতেও আগাম জামিন পাননি অভিনেতা।

অভিযোগের সূত্রপাত ২০১৮ সালে। ওই বছর একটি বাংলা ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন এক পরিচালক। ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, ছবিতে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুটিং শুরু হয়নি। বরং বারবার শুটিংয়ের দিন পিছিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। প্রায় দু’বছর অপেক্ষার পর আর্থিক সমস্যায় পড়ে পরিচালক অভিনেতার কাছে টাকা ফেরত চান। কিন্তু সেই টাকা ফেরত দেওয়া হয়নি বলে দাবি তাঁর।

এর পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। টাকা ফেরত চাওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি অভিযোগকারীর। এমনকী মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। সেই সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি মুখ খুলতে পারেননি বলেও দাবি করেছেন অভিযোগকারী। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে তিনি অভিযোগ জানান এবং পুলিশের কাছে মামলা দায়ের করেন।

এই মামলায় আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সোহম। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য ও মামলার নথি খতিয়ে দেখার পর অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে এই মামলায় আপাতত স্বস্তি পেলেন না সোহম। 


Share