Narendra Modi

প্রধানমন্ত্রীকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, শমসেরগঞ্জে গ্রেফতার সাদ্দাম শেখ নামে এক যুবক

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য ও আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার পুলিশ।

যুবককে গ্রেফতার করা হয়েছে
নিজস্ব সংবাদদাতা, শমসেরগঞ্জ
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০২:২৯

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করল। এই ঘটনায় এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী চাঁদপুর বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। তিনি ঝাড়খণ্ডের পাকুড় থানার সাকারঘাট এলাকার বাসিন্দা। অভিযোগ, ওই যুবক দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর পোস্ট করছিলেন। বিষয়টি নজরে আসার পর শমশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।

অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান সম্পর্কে খোঁজ মেলে চাঁদপুর বাজার এলাকায়। এরপর সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বাজেয়াপ্ত মোবাইল ফোন খতিয়ে দেখে সোশাল মিডিয়ায় আরও কী ধরনের পোস্ট করা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনার পিছনে অন্য কারও প্ররোচনা ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, সামাজিক মাধ্যমে এই ধরনের কুরুচিকর পোস্ট কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।


Share