Body Recovery

মানুষ নাকি পশুর দেহ! নদীতে ভেসে আসা প্লাস্টিকে মোড়া প্যাকেট ঘিরে রহস্য, খুলতেই চাঞ্চল্য আড়ংঘাটায়

পরে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, সেটি মানুষের নয়, একটি পশুর দেহ।

নদীতে ভেসে আসে প্লাস্টিকে মোড়া প্যাকেট
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:১৮

মানুষ নাকি পশুর দেহ! নদীতে ভেসে আসা প্লাস্টিকে মোড়া একটি প্যাকেট। আর তা খুলতেই সামনে এল মাথাবিহীন ক্ষতবিক্ষত দেহ। নদিয়ার আড়ংঘাটা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় এমনই প্লাস্টিকে মোড়া একটি রহস্যময় বস্তু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় মৎস্যজীবীরা প্যাকেটটি থেকে তীব্র গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। এরপরই আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

পুলিশ নদী থেকে প্লাস্টিকে মোড়া প্যাকেটটি উদ্ধার করে ডাঙায় তোলে। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে মাথাবিহীন একটি ক্ষতবিক্ষত দেহ। দীর্ঘক্ষণ জলে ভেসে থাকার কারণে দেহটি বিকৃত হয়ে গিয়েছিল। ফলে সেটি মানুষের দেহ নাকি কোনও পশুর দেহ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর অবশেষে কাটে আতঙ্ক।

চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, উদ্ধার হওয়া দেহটি কোনও মানুষের নয়। সেটি একটি পশুর দেহ। প্রাথমিক অনুমান, দেহটি গরুর বাছুরের হতে পারে।

চিকিৎসকদের রিপোর্ট সামনে আসার পরই স্বস্তি ফেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মানুষের দেহ উদ্ধারের আশঙ্কা দূর হওয়ায় শান্ত হয় পরিস্থিতি।


Share