Voter List Shock

‘খুঁজে পাওয়া যায়নি’ তকমায় বাদ বৈধ ভোটার, স্বরূপনগরে খসড়া তালিকা ঘিরে বিতর্ক

এনিউমারেশন ফর্ম জমা দিয়েও খসড়া ভোটার তালিকায় নাম নেই সীমান্ত এলাকার গৃহবধূ টুম্পা দাসের। ‘অনুপস্থিত’ দেখিয়ে বাদ, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উদ্বিগ্ন পরিবার ও রাজনৈতিক মহল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর
  • শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০২:২৮

এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বরূপনগরের সীমান্ত লাগোয়া গ্রামের গৃহবধূ টুম্পা দাস। খসড়া তালিকায় তাঁর নামের পাশে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘খুঁজে পাওয়া যায়নি/অনুপস্থিত’।

ঘটনা জানার পর টুম্পার স্বামী রাজীব দাস বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার-এর সঙ্গে যোগাযোগ করেন। তবে বিএলও বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পেরে নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করার পরামর্শ দেন। রাজীব দাস বলেন, 'আতঙ্কে আছি। আমরা সীমান্ত এলাকার বাসিন্দা। আমাদের সব নথি বিএলও মিলিয়ে নেওয়ার পরেও কী করে খসড়া তালিকায় নাম বাদ গেল বুঝতে পারছি না। বিডিওকে জানিয়েছি।'

এই বুথের বিএলও গোলাম রসুল মণ্ডল জানান, তাঁর তরফ থেকে অনুপস্থিত তালিকায় সাতজনের নাম পাঠানো হয়েছে। সেই তালিকায় টুম্পা দাসের নাম নেই। খসড়া তালিকা প্রকাশের পর তিনি নিজেও বিডিও অফিসে যোগাযোগ করেছেন, কিন্তু সঠিক কোনও উত্তর পাইনি।

একজন বৈধ ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের ব্লক সভাপতি জিয়াউর মোল্লা বলেন, 'এটা কমিশনের ভুল নাকি অভিসন্ধি বলতে পারব না। কেন্দ্রের সরকার চাইছে ভোটার তালিকা থেকে যেন তেন প্রকারেন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া। আমরা এলাকার কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে দেব না।' টুম্পা বলেন, '২০১১ সাল থেকে আমি ভোট দিয়ে আসছি। ফর্ম ফিলাপ করার পরও আমার নাম বাদ গিয়েছে। এখন বিএলও ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে বলায় সেটাও করেছি। কী হবে কিছুই জানি না।'


Share    

SIR