Bridge Fall Down

জোয়ারের জলে ভেঙে পড়ল ঢেকনামারি গ্রামের কংক্রিটের সেতু, অসুবিধায় মাধ্যমিক পরীক্ষার্থীরা

সেতুটি ঢেকনামারি দামোদর আদিবাসী বিদ্যাপীঠের একেবারে কাছে হওয়ার কারণে ওই স্কুলেই মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র থাকায় ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হবে। বাম জমানায় তৈরি কংক্রিটের সেতুটি বয়সের ভারে জরাজীর্ণ অবস্থায় ছিল।

ভেঙে পড়া ব্রিজ
নিজস্ব সংবাদদাতা, সন্দেশখালি
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৫

অনেকদিন ধরেই দুর্বল হয়ে গিয়েছিল কংক্রিটের সেতু। তবুও সেই সেতু দিয়েই চলাচল করছিল ছাত্রছাত্রী-সহ স্থানীয় মানুষেরা। এবার সেই সেতুই ভেঙে পড়ল। জোয়ারের জলের চাপে বুধবার সেই সেতুটি ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে সন্দেশখালি-১ ব্লকের ঢেকনামারি গ্রামে। এর ফলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে। তবে এলাকার বিধায়ক আশ্বাস দিয়েছেন, পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি মাথায় রেখে অস্থায়ী ভাবে বাঁশের পাটাতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার মাঘী পূর্ণিমার ভরা কোটালের কোটালে ঢেকনামারি গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা বিদ্যাধরী খালে জোয়ারের জলস্তর বেড়ে যাওয়ায় দুর্বল সেতুটি ভেঙে পড়েছে। বুধবার দুপুরে বয়ারমারি-১ এবং বয়ারমারি-২ গ্রামের সংযোগকারী দুর্বল সেতুর পিলারগুলি জলের চাপ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রায় ১০০ ফুটের কংক্রিটের সেতুটি তিন টুকরো হয়ে খালের জলে পড়ে যায়।

সেতুটি ঢেকনামারি দামোদর আদিবাসী বিদ্যাপীঠের একেবারে কাছে হওয়ার কারণে ওই স্কুলেই মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র থাকায় ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হবে। বাম জমানায় তৈরি কংক্রিটের সেতুটি বয়সের ভারে জরাজীর্ণ অবস্থায় ছিল। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘অস্থায়ী বাঁশের পাটাতন করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’


Share