Special Intensive Rivision

বাদুড়িয়ায় বিডিও অফিসে উত্তেজনা, হেনস্থার ভিডিয়ো ভাইরাল, রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের

এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বাদুড়িয়ার শুনানিকেন্দ্রে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৮

বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে হেনস্থার একটি ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ছিল এসআইআর শুনানির শেষ দিন, এরপর রয়েছে শুধু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তার মধ্যেই বিডিও অফিস চত্বরে অশান্তির ঘটনা সামনে আসে।

এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে ওই ছবি পোস্ট করে অভিযোগ করেন, বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, এই ঘটনা ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন।

এরই মধ্যে বাদুড়িয়ায় নতুন অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, এসআইআর শুনানিতে অংশ নেওয়া কিছু ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম ৭ জমা দেওয়া হচ্ছে। বিজেপির দিকে অভিযোগ উঠছে। তৃণমূলের বক্তব্য, চন্ডীপুরের উত্তর ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথে ৩৩ জন ‘মৃত’ ও ১২ জন ‘ডবল এন্ট্রি’ ভোটারের নামে ফর্ম ৭ জমা দেওয়া হয়েছে, অথচ যাদের মৃত বলা হচ্ছে তারা সকলে জীবিত।

এই অভিযোগের প্রতিবাদে শুক্রবার বিকেলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। যদিও বিজেপির দাবি, তৃণমূল ইচ্ছাকৃত ভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বাদুড়িয়ার বিডিও পার্থ হাজরা জানিয়েছেন, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।


Share