Fire Incident

বারুইপুরে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, অবৈধ বলে অভিযোগ

দমকলের দুটি ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ঘটনায় আহত হন দুই দমকলকর্মী।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৬:১৩

বারুইপুরে ফের সামনে এল জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ কারখানা চলার অভিযোগ। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ কৃষ্ণা সিনেমা হল সংলগ্ন গলিতে, ‘২১-শে অন্নপূর্ণা’ আবাসনের পিছনে থাকা একটি ব্যাটারি কারখানায় আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায়। এরপর দ্রুত পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে স্থানীয় যুবকরা এলাকায় ছুটে আসেন। বারুইপুর পুরসভার উপ-পৌরপ্রধান ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁদের উদ্যোগেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় দুই দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আবাসনের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এমন বিপজ্জনক ব্যাটারি কারখানা চালানো হচ্ছিল, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বাসিন্দাদের একাংশের দাবি, কারখানাটি সম্পূর্ণ বেআইনি।

আবাসনের মালিক সঞ্জয় নস্করের ভূমিকা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ফ্ল্যাটের মধ্যে এই ধরনের কারখানা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই আবাসিকরা বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানানোর উদ্যোগ নিয়েছেন। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।


Share