Molestation

১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ, বারুইপুরে গ্রেফতার বাবা! বড় মেয়ের পর ছোট মেয়েকেও নির্যাতনের অভিযোগ

তাঁর দাবি, বাবার যৌন নির্যাতনের কারণে তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। পরে ছোট মেয়ের সঙ্গেও একই ধরনের আচরণ করার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০২:২২

১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে প্রথমে তাঁর বড় মেয়ে অভিযোগ জানান। তাঁর দাবি, বাবার যৌন নির্যাতনের কারণে তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। পরে ছোট মেয়ের সঙ্গেও একই ধরনের আচরণ করার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বারুইপুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় ফেরিওয়ালা। অভিযোগ, গত বছরের ডিসেম্বর মাসে অভিযুক্তের বড় মেয়ে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন। এরপর আতঙ্ক ও ক্ষোভে তিনি বাড়ি ছেড়ে চলে যান। বড় মেয়ে বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকেই ছোট মেয়েকে অভিযুক্ত যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, গত কয়েক মাস ধরে এই ঘটনা চলছিল। পরিস্থিতির কারণে সে কাউকে বিষয়টি জানাতে পারেনি সে।

পরে ফোনে দিদির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয় ছোট মেয়ের। দুই বোন মিলে মাকেও বিষয়টি জানান বলে অভিযোগ। কিন্তু তাঁদের দাবি, সব জানার পরেও মা কোনও পদক্ষেপ করেননি। ছোট মেয়ের অভিযোগ, বাবার আচরণ নিয়ে মাকে আগেও জানিয়েছিল সে। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এর পরেই অভিযুক্তের বড় মেয়ে ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বারুইপুর মহিলা থানার পুলিশ। কুলপি রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share