Suvendu Adhikari

ইচ্ছাকৃত ভাবে সন্ত্রাস চলানো হয়েছে’, বেলডাঙার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মঙ্গলবার বিকেলে নদিয়ার ধুবুলিয়ার ‘পরিবর্তন সংকল্প সভার’ আয়োজন করা হয়েছিল। সেই সভায় প্রধান বক্তা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সভার শুরু থেকেই আক্রমত্মক মেজাজে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, ধুবুলিয়া
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১২:৪৩

বেলেডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় এ বার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, কিছু সংখ‍্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে বেলডাঙায় ‘সন্ত্রাস’ চালিয়েছে। আর তাতে ইন্ধন দিচ্ছে রাজ্য সরকার‌।

মঙ্গলবারের হাই কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে শুভেন্দু অভিযোগ করেন, “বেলেডাঙায় সংখ্যালঘু সংগঠনগুলি তৃণমূলের সাহায্য নিয়ে টানা দু'দিন ধরে এলাকায় সন্ত্রাস চালিয়েছে। জাতীয় সড়ক ও রেল অবরোধ-সহ দোকানে লুটপাট করেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমার করা মামলায় আজকে হাই কোর্টের রায়ে ওখানে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলা হয়েছে।” 

বিরোধী দলনেতার অভিযোগ, বেলডাঙার ঘটনায় নিষিদ্ধ সংগঠন পিএফআই-এর যোগ রয়েছে। এমনকী, বহিস্কৃত তৃণমূল নেতা তথা জেইউপির প্রধান হুমায়ুন কবিরের হাতও রয়েছে বলে দাবি করেছেন তিনি। এর পরেই তিনি বলেন, “দরকারে হলে এনআইএ এই ঘটনার তদন্ত করুক।”

মঙ্গলবার শুভেন্দু বলেন, “পুলিশ টেবিলের নীচে লুকিয়ে পড়ে। সেই পুলিশ কী করবে! যে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে পরে জামিন করিয়ে নিয়ে আসবে পুলিশ। এটা পুলিশ ওদেরকে বলেছে। পুলিশই ধৃতদের পরিবারের বাড়িতে রেশনের চাল পৌঁছে দিচ্ছে। এটা ওদেরই সরকার চলছে।”

মঙ্গলবার বিকেলে নদিয়ার ধুবুলিয়ার ‘পরিবর্তন সংকল্প সভার’ আয়োজন করা হয়েছিল। সেই সভায় প্রধান বক্তা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সভার শুরু থেকেই আক্রমত্মক মেজাজে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। সেখান থেকে তিনি দাবি করেন, রাজ্যে কিছুই উন্নয়ন করেনি‌। নজর ঘোরাতেই এসআইআর নিয়ে এত হইচই করছে তৃণমূল।


Share