Amit Shah Challenges Rahul Gandhi

রাস্তায় নয়, SIR নিয়ে বিতর্ক হোক সংসদে! বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়ে রাহুল গাঁধীকে পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহের

SIR নিয়ে বিতর্কে রাহুল গাঁধীকে সংসদে আসার চ্যালেঞ্জ অমিত শাহের, বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত কেন্দ্র।

(বাঁ দিক থেকে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ১১:০১

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং ‘ভোট চুরি’ বিতর্ককে কেন্দ্র করে ফের মুখোমুখি বিজেপি ও কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে এবার সরাসরি সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর স্পষ্ট বার্তা, রাস্তায় দাঁড়িয়ে রাজনৈতিক আক্রমণ না করে গণতন্ত্রের সর্বোচ্চ মঞ্চ সংসদে এসেই বিতর্কে অংশ নিন রাহুল। এমনকী, SIR নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও কেন্দ্র প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হরিয়ানার কার্নালে বিজেপির আয়োজিত ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গাঁধীকে নিশানা করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, কংগ্রেস সাংসদ সংসদে আলোচনা করতে চান না। বরং রাস্তায় নেমে রাজনৈতিক নাটক ও অরাজকতা তৈরি করতে ব্যস্ত। অথচ গণতন্ত্র এবং সংবিধানের কথা বললেও সংসদীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অমিত শাহ বলেন, সংসদই আলোচনা ও বিতর্কের সর্বোচ্চ জায়গা। সেখানে স্পিকার এবং আদালতকে অসম্মান করার অভিযোগ তুলে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। একইসঙ্গে জানান, রাহুল গাঁধীর যে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বিজেপি।

এর আগে লখনউয়ের একটি দলীয় সভা থেকেও একই ইস্যুতে রাহুলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগের বিষয়ে সংসদে আলোচনা করতে বিজেপি প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ‘ভোট চুরি’ এবং SIR নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাহুল গাঁধী। বুধবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য বিতর্কসভায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়ে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেই SIR নিয়ে আলোচনার জন্য বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার বিষয়ে উদ্যোগ নিতে প্রস্তুত কেন্দ্র।

ফলে প্রকাশ্য বিতর্কের দাবির পাল্টা সংসদে আলোচনার প্রস্তাব দিয়ে রাজনৈতিক চাপ বাড়ালেন অমিত শাহ। এবার রাহুল গাঁধী এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Share