Youth Beaten

ইট নামানো নিয়ে বচসা, কোন্নগরে ছুরিকাঘাতে গুরুতর জখম যুবক, অভিযুক্ত আটক

আহতকে একাধিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

উত্তরপাড়া পুলিশ স্টেশন
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১১:৪৫

ইট নামানোকে কেন্দ্র করে বচসা। তা নিয়ে রক্ত ঝড়ল হুগলির কানাইপুরে। কোন্নগরের কানাইপুরের চক্রবর্তীনগর এলাকায় এলাকায় ঘটনাটি ঘটেছে। এক যুবক ছুরির আঘাতে জখম হয়েছেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে হাসপাতালে জখম যুবকের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে এলাকায় ইট নামানোকে ঘিরে গোলমালের সূত্রপাত হয়। রবিন দাস নামে এক ব্যক্তি ইটগুলি নামাচ্ছিলেন। অভিযোগ, সরু রাস্তার কারণে তাঁকে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তি সরে দাঁড়াতে বলেন। রবীন জানায়, ইট নামানো শেষ করেই সে রাস্তা ছাড়বে। এই কথাকাটাকাটি থেকেই শুরু হয় বচসা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

 হঠাৎ উজ্জ্বল বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে আসে। আচমকাই রবীনের পেটে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় রবীনকে প্রথমে কোন্নগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও অবস্থার অবনতি হওয়ায় কোন্নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত এলাকায় পৌঁছোয়। অভিযুক্ত উজ্জ্বল দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, উজ্জ্বল দাস কয়েক মাস আগেই একটি নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে এসেছেন। বর্তমানে তিনি পুনর্বাসনের প্রক্রিয়ায় ছিলেন। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share