Anti Corruption

ফিরহাদের সংস্থায় অভিযানের পরেই অলকানন্দার বাড়িতে কমিশন, প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তির উৎস নিয়ে খোঁজ

এর আগে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দু’টি সংস্থার নিউ আলিপুরের দফতরেও কমিশন অভিযান চালিয়েছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এ বার কমিশনের দল বেলেঘাটায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পৌঁছোল।

প্রাক্তন কাউন্সিলর অলকানন্দা দাসের বাড়ির সামনে তদন্ত কমিশনের আধিকারিকেরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১১

বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের বাড়িতে প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন অভিযান চালাল। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা শনিবার তাঁর বাড়িতে অভিযান চালান। এর আগে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দু’টি সংস্থার নিউ আলিপুরের দফতরেও কমিশন অভিযান চালিয়েছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এ বার কমিশনের দল বেলেঘাটায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পৌঁছোল।

শনিবার বেলার দিকে তদন্ত কমিশনের একটি দল কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অলকানন্দার বাড়িতে পৌঁছোয়। তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। সেই সম্পত্তির উৎস এবং তার সঙ্গে দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই কমিশনের এই অভিযান বলে জানা গিয়েছে। দুর্নীতির অর্থে ওই সম্পত্তি কেনা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থা ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এও যান তদন্ত কমিশনের আধিকারিকেরা। দু’টি সংস্থারই মালিক ফিরহাদ। ‘হাকিম পলিমেকার’ মূলত প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থা, অন্য দিকে ‘হাকিম কেমিক্যালস’-এ বিভিন্ন ধরনের রাসায়নিক সামগ্রী তৈরি হয়। এই দুই সংস্থার সঙ্গে দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই কমিশনের আধিকারিকেরা সেখানে গিয়েছিলেন।

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর এ বার সেই সমস্ত অভিযোগের তদন্তে বিজেপি সরকার নতুন কমিশন গঠন করেছে। কমিশনের মাথায় এক প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে। সরকার বদলের পর তৃণমূল নেতা ও কাউন্সিলরদের বিরুদ্ধে নানা অভিযোগও প্রকাশ্যে এসেছে। তাঁদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপও হয়েছে। কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পুরবোর্ড। এ বার রাজ্যের তদন্ত কমিশনের নজরে এল অলকানন্দার সম্পত্তি।


Share