Molestration

ফুচকার খাওয়ার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, উত্তরপাড়ায় গ্রেফতার প্রৌঢ়

সোমবার প্রৌঢ়ের ঘর থেকে বেরোনোর সময় নাবালিকার হাতে ২০ টাকা দেখে বিষয়টি জানতে পারেন এক প্রতিবেশী মহিলা। পরে নাবালিকা পুরো ঘটনা জানায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৭

ফুচকা খাওয়ার টাকা দেওয়ার নাম করে প্রতিবেশী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। হুগলির উত্তরপাড়ায় ঘটনাটি ঘটেছে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রৌঢ় এবং নাবালিকার বাড়ি পাশাপাশি। পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ে মেয়েটিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে অভিযুক্ত খারাপ ভাবে স্পর্শ করতেন। মেয়েটি ওই ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত বলেও জানা গিয়েছে।

সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় এক মহিলার নজরে পড়ে, অভিযুক্তের ঘর থেকে বেরিয়ে আসছে ওই নাবালিকা। তার হাতে ছিল ২০ টাকা। বিষয়টি নিয়ে জানতে চাইলে নাবালিকা জানায়, ওই টাকা ‘দাদু’ তাকে দিয়েছেন। এরপরই সে ওই ব্যক্তির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ করে। পাশাপাশি, কাউকে বিষয়টি জানালে পরিণতি ভাল হবে না বলে অভিযুক্ত তাকে ভয় দেখিয়েছিলেন বলেও জানায় নাবালিকা।

এরপর ওই প্রতিবেশী মহিলা নাবালিকার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় উত্তরপাড়া থানার পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share