BJP Leader Beaten

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় দুই বিজেপি নেতাকে বেধড়ক মারধর, মাথায় পড়ল সেলাই, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

মণ্ডলের দাবি, লালকা মাঠ এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত গ্রেফতারের খবর মেলেনি।

যাদবপুরে আক্রান্ত দুই বিজেপি নেতা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২০

রাতের অন্ধকারে যাদবপুরের দুই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্তদের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। তাঁরা যাদবপুর বিধানসভার যুব মোর্চার নেতা। আক্রান্তদের দাবি, তাঁরা অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিলেন। তাই তাঁদের মারধর করা হয়েছে। যে কাজ পুলিশের করার কথা তা বিজেপি নেতা কেন করতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 

সৌম্যদীপ সাহা যাদবপুর সাংগঠনিক জেলার ১ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। রাতুল মণ্ডলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ, রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে লালকা মাঠ এলাকায় অসামাজিক কার্যকলাপ দেখেন। তারই প্রতিবাদ করেন তাঁরা। সেখানে দু’জন ছিল। এক মহিলাও ছিল। দাবি, তারা অসামাজিক কার্যকর্ম করছিল। তারই প্রতিবাদ করেছিল বলে দাবি। এর পরেই তাঁদের সঙ্গে বচসা হয়। 

সৌম্যদীপের বক্তব্য, বচসার মাঝেই তিনি রাতুলকে ডাকেন। সেখান থেকে তাঁদের চলে যেতে বলেন। কিন্তু সৌম্যদীপ ও রাতুলের পিছু নেয় তারা। লোক জুটিয়ে বেধড়ক মারধর করে দুই বিজেপি নেতাকে। সৌম্যদীপের ঠোঁটের কাছে আঘাত লেগেছে। নাক ফেটে গিয়েছে। ইট দিয়ে মারা হয়েছে। রাতুল মণ্ডলকেও ইট দিয়ে মাথায় মারা হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। চোখেও আঘাত পেয়েছেন রাতুল। ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সৌম্যদীপের আরও অভিযোগ, ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট ছাত্র সংগঠনের সদস্যেরা অসামাজিক কার্যকলাপ করেন। রাস্তাঘাটে তা যাতে না হয়, প্রতিদিন রাতে তাঁরা টহল দিতে বের হন। তিনি বলেন, “ওরা এলাকার কেউ নন। নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেয়।” 

তবে পুলিশের যে কাজ করার কথা তা বিজেপি নেতা কেন করতে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় দুই বিজেপি নেতা যাদবপুর থানায় দায়ের করেছেন। এখনও পর্যন্ত লালবাজারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়ে বা আটক করা হয়েছে তার খবরও মেলেনি।


Share