Weather Update

ডিভিসির জল ছাড়ার একাধিক জেলায় বন্যার পরিস্থিতি, সক্রিয় রয়েছে অক্ষরেখা, ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ডিভিসির জল ছাড়ায় একাধিক জেলায় বন্যা পরিস্থিতির মধ্যে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬

বর্ষা শেষ পর্যায়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার ওপর ডিভিসির জল ছাড়ায় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন নদীর জলস্তরও বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। শুক্রবারের মধ্যে নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা পশ্চিমবঙ্গের দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই সমস্ত আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ফের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই সময় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পরিস্থিতির বিশেষ পরিবর্তন হচ্ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহারে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

অন্য দিকে, দক্ষিণ দিনাজপুর ও মালদহে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শনিবার পর্যন্ত এই দুই জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলতে পারে।

এদিকে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম।


Share