Drowning

ফুটবল তুলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ

এই দুর্ঘটনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও পৌঁছেছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

চলছে উদ্ধারকাজ
নিজস্ব সংবাদদাতা, মহিষাদল
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০

ফুটবল তুলতে গিয়ে বিপত্তি। খেলার সময় বল ঝিলে পড়ে যায়। আর তা তুলতে গিয়েই জলে তলিয়ে মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের। রাতভর তল্লাশি চালানোর পর শুক্রবার সকালে তার দেহ উদ্ধার হয়। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার কান্নায় ভেঙে পড়েছে।

মৃত ছাত্রের নাম রোহন মাইতি (১৫)। চণ্ডীপুর এলাকার বাসিন্দা রোহন পরিবারের একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মহিষাদল রাজ গ্রাউন্ডে বন্ধুদের সঙ্গে সে ফুটবল খেলছিল। খেলার মাঝেই বলটি মাঠের পাশের ঝিলে গিয়ে পড়ে। বলটি তুলতে জলে নামার পরই দুর্ঘটনা ঘটে। আচমকাই জলের মধ্যে রোহন তলিয়ে যায়।

ঘটনাটি দেখে তার সঙ্গে থাকা বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে জালে করে ঝিলে তল্লাশি শুরু করেন। তবে দীর্ঘক্ষণ খোঁজ চালিয়েও রোহনের কোনও সন্ধান মেলেনি।

পরে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়। উদ্ধারকাজে নামে সিভিল ডিফেন্সের কর্মী ও ডুবুরিরা। তল্লাশিতে স্পিডবোটও ব্যবহার করা হয়। বৃহস্পতিবার রাতভর ঝিলে উদ্ধার অভিযান চলে। অবশেষে শুক্রবার সকাল ৯টা নাগাদ ঝিল থেকে রোহনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বিডিও তাপস মণ্ডল, হলদিয়ার এসডিপিও, মহিষাদল থানার ওসি-সহ প্রশাসনের আধিকারিকরা এলাকায় পৌঁছোন। বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা এবং পীযূষ কান্তি দাসও ঘটনাস্থলে যান।

এই দুর্ঘটনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও পৌঁছেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই বার্তা পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন জেলাশাসক নিরঞ্জন কুমার।

রোহনের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।


Share