Rape

রঙের কাজ দেওয়ার নাম করে তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগ, মুখ বন্ধ রাখতে টাকার টোপ! গ্রেফতার অভিযুক্ত

হুগলির কোন্নগরের কানাইপুরে রঙের কাজ দেওয়ার নাম করে ২৮ বছরের এক তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতাপ সাঁতরার বিরুদ্ধে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ১১:২৬

রঙের কাজ দেওয়ার নাম করে এক তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীর বয়স ২৮ বছর। হুগলির কোন্নগরের কানাইপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম প্রতাপ সাঁতরা।

অভিযোগ, বাঁশবেড়িয়ার এক তরুণীকে কানাইপুরের একটি বাড়িতে রঙের কাজের জন্য প্রতাপ ডেকে পাঠায়। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর বাড়িতে অন্য কেউ ছিল না। সেই সুযোগ নিয়ে তাঁকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, ঘটনার পর মুখ তাঁকে মুখ বন্ধ রাখতে বলা হয়। সেই জন্য টাকার প্রস্তাবও দেওয়া হয়।

তবে সেই প্রস্তাবে রাজি যুবতী রাজি হননি। তিনি সরাসরি কানাইপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। এরপর উত্তরপাড়া হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নির্যাতিতার দাবি, এদিনই তিনি প্রথম ওই বাড়িতে রঙের কাজে গিয়েছিলেন। সেখানে দু’জন কলমিস্ত্রি কাজ করছিলেন। তাঁরা চলে যাওয়ার পরেই অভিযুক্ত তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ।

নির্যাতিতার কথায়, “টাকার থেকে সম্মান বড়। আমি অভিযুক্তের শাস্তি চাই।” ঘটনার খবর পেয়ে তাঁর স্বামী কানাইপুরে পৌঁছোন। পরে স্ত্রীকে চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকের অপেক্ষায় তাঁদের দীর্ঘক্ষণ হাসপাতালে থাকতে হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


Share