RG Kar Case

খড়দহ থানার বাইরে বিক্ষোভ, সোমনাথকে লক্ষ্য করে ডিম-ইট! হেলমেট পরিয়ে প্রাক্তন পুরপ্রধানকে গাড়িতে তুলল পুলিশ

পরিস্থিতি সামাল দিতে সোমনাথের মাথায় হেলমেট পরিয়ে কোনও রকমে তাঁকে গাড়িতে তোলা হয়। তিনি জখম হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।

খড়দহ থানার বাইরে বিক্ষোভ, সোমনাথকে লক্ষ্য করে ডিম-ইট।
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৬

প্রচন্ড বৃষ্টির মধ্যেই খড়দহ থানার বাইরে ভিড় করেছিলেন কয়েকশো মানুষ। সেই ভিড় এড়িয়ে প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে দ্রুত গাড়িতে তোলার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু শেষরক্ষা হয়নি। এ বার শুধু ডিম নয়, থানার বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে সোমনাথের মাথায় হেলমেট পরিয়ে কোনও রকমে তাঁকে গাড়িতে তোলা হয়। তিনি জখম হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে পানিহাটির এক চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর নির্যাতিতার ‘তড়িঘড়ি সৎকার’ নিয়ে খড়দহ থানায় নতুন করে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে আগেই গ্রেফতার করা হয়েছিল। অন্য একটি মামলায় তাঁদের জেল হেফাজত হয়েছে। এ দিকে, খড়দহের প্রাক্তন পুরপ্রধান সোমনাথ এত দিন পুলিশের নাগালের বাইরে ছিলেন। বৃহস্পতিবার কর্নাটক থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে খড়দহ থানায় আনা হলে থানার বাইরে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির মধ্যেও ভিড় জমিয়ে তাঁকে ঘিরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার সোমনাথকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়। তবে তাঁকে খড়দহ থানায় আনা হয়েছে খবর ছড়াতেই থানার বাইরে কয়েকশো মানুষের ভিড় জমে যায়। সেখান থেকেই পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষাভককারীরা স্লোগান দিতে শুরু করেন। এর আগে অপর দুই ধৃত নির্মল ও সঞ্জীবকে থানায় আনার সময়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিক্ষোভের মধ্যে দু’জনেই জখম হন। সঞ্জীবের চোখে গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচারও করাতে হয়। সোমনাথকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কথা মাথায় রেখে পুলিশ তাঁর মাথায় বাইকের হেলমেট পরিয়ে দেয়। এরপর দ্রুত তাঁকে থানার বাইরে এনে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই খড়দহ থানা চত্বরে উত্তেজনা চরমে ওঠে। সোমনাথকে লক্ষ্য করে কাঁচা ডিমের পাশাপাশি ইট-পাটকেলও ছোড়া হয়। কয়েকটি ইট গিয়ে পুলিশকর্মীদের গায়েও লাগে।

শুক্রবার কাকভোরে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় সোমনাথকে। দুপুরে তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করানোর প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। তার মধ্যেই হামলার ঘটনা ঘটে। পরে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে সোমনাথকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট এবং তড়িঘড়ি দেহ সৎকার-সহ একাধিক অভিযোগ রয়েছে সোমনাথের বিরুদ্ধে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই মর্মে আদালতে আবেদনও জানানো হয়েছে।


Share