Stone Syndicate

গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিশের পরও অধরা টুলু, এ বার সিউড়ির ‘আস্তানায়’ তল্লাশি পুলিশের

বৃহস্পতিবার রাতে সিউড়ির একটি বাড়িতে পুলিশ আধিকারিকেরা অভিযান চালায়। স্থানীয় সূত্রের দাবি, বাড়িটির মালিক টুলু নিজেই। সেখানে তাঁর এক ম্যানেজার থাকেন বলেও জানা গিয়েছে।

টুলু মন্ডলের বাড়িতে পুলিশের অভিযান।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৫

বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের হিসাববহির্ভূত সম্পত্তির সন্ধানে ফের তল্লাশি চালাল জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে সিউড়ির একটি বাড়িতে পুলিশ আধিকারিকেরা অভিযান চালায়। স্থানীয় সূত্রের দাবি, বাড়িটির মালিক টুলু নিজেই। সেখানে তাঁর এক ম্যানেজার থাকেন বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ছোটন নামে ওই যুবকের সন্ধানেই বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছে।

তবে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর এখনও কোনও খোঁজ মেলেনি। হিসাববহির্ভূত অর্থ, আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার এবং বীরভূমে সংগঠিত অপরাধের সঙ্গে যোগ-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ইতিমধ্যেই পুলিশ টুলুর বেশ কয়েক জন আত্মীয় ও ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামে। সেখানে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে পুলিশ নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে। মিনারকে গ্রেফতার করা হলেও টুলুর হদিস মেলেনি। ইতিমধ্যেই তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে টুলু প্রথমে কলকাতা হাই কোর্টের বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে মামলা করেন। পরে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে তিনি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যান। তবে একই বিষয়ে অন্য একটি বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় বিচারপতি চন্দ সেই মামলা থেকে সরে দাঁড়ান। এরই মধ্যে টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিশও জারি হয়। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতেও তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয়। তার আগেই বীরভূমের ওই ব্যবসায়ী আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু হাই কোর্ট সেই আবেদনও শেষ পর্যন্ত খারিজ করে দেয়।


Share