Rape

নাবালিকা পরিচারিকাকে বাড়িতে আটকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বোলপুরে বিজেপির যুবনেতা গ্রেফতার, পুলিশ হেফাজতের নির্দেশ

নির্যাতিতার পরিবারের দাবি, কয়েক দিন আগেই মেয়েটি ওই বাড়িতে পরিচারিকার কাজ পেয়েছিল। অভিযোগ, কাজের সূত্রে বাড়িতে যাওয়ার পর পরপর কয়েক দিন তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়।

গ্রেফতার অভিযুক্ত।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৯

নাবালিকা পরিচারিকাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজেপির এক যুবনেতাকে গ্রেফতার করা হল। বীরভূমের বোলপুরে ঘটনাটি ঘটেছে। ধৃত ব্যক্তি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুবমোর্চার সহ-সভাপতি বলে জানা গিয়েছে। যদিও জেলা বিজেপি নেতৃত্ব দায় এড়িয়ে গিয়েছে। তাঁদের দাবি, দলবিরোধী নানা কাজকর্মের অভিযোগে তাঁকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

অভিযোগ, গত ৩০ অগস্ট বাড়িতে কাজ করতে আসা ওই নাবালিকাকে ঘরে আটকে রেখে অভিযুক্ত যুবনেতা যৌন নির্যাতনের চেষ্টা করেন। নির্যাতিতার পরিবারের দাবি, কয়েক দিন আগেই মেয়েটি ওই বাড়িতে পরিচারিকার কাজ পেয়েছিল। অভিযোগ, কাজের সূত্রে বাড়িতে যাওয়ার পর পরপর কয়েক দিন তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়। পরিবারের দাবি, ৩০ অগস্টও একই ধরনের ঘটনা ঘটে। সে দিন মেয়েটি তার বোনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে কাজে গিয়েছিল। দিদির সঙ্গে যখন হেনস্থা করা হচ্ছিল, তখন দরজার ফাঁক দিয়ে তাঁর বোন মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ড করে রাখে। অভিযোগের প্রমাণ হিসেবে সেই ভিডিয়ো পুলিশকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সমাজমাধ‍্যমে ভাইরাল হয়েছে।

নির্যাতিতার মা যুবনেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে সিউড়ির বিশেষ আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। আগামী সোমবার পকসো আদালতে মামলাটির পরবর্তী শুনানি হবে।

অভিযুক্তের আইনজীবীর দাবি, পুরো ঘটনাটিই রাজনৈতিক চক্রান্তের ফল। জেলা বিজেপি নেতৃত্ব অবশ্য জানিয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তবে দলের তরফে আরও জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠছিল। সেই কারণেই দু’দিন আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


Share