Toy Train

টয় ট্রেনের কামরা থেকে উঠছে ধোঁয়া! অগ্নিকাণ্ড নাকি সিগারেটের ধোঁয়া, তৈরী ধোঁয়াশা

রেল সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ার উৎস নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কামরার ভিতরে কারও ধূমপানের কারণেই ধোঁয়া তৈরি হয়ে থাকতে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৭

বুধবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে দার্জিলিংগামী টয় ট্রেনকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। চলন্ত ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রেন থামিয়ে ইঞ্জিন ও সংশ্লিষ্ট কামরাটি আলাদা করে দেন।

প্রতিদিনের মতো ঘটনার দিনও সকালে টয় ট্রেনটি এনজেপি স্টেশন থেকে পর্যটক নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিলিগুড়ি টাউন স্টেশনে ঢোকার সময় একটি কামরা থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে ইঞ্জিনটিকে ওই কামরা থেকে বিচ্ছিন্ন করে কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়। ধোঁয়া ওঠা কামরায় সে সময় চারজন যাত্রী ছিলেন, তাঁদের দ্রুত নামিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপক যন্ত্রও ব্যবহার করা হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ার উৎস নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কামরার ভিতরে কারও ধূমপানের কারণেই ধোঁয়া তৈরি হয়ে থাকতে পারে। পাশাপাশি কোনও বৈদ্যুতিক ত্রুটি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, একটি কামরায় ধোঁয়া দেখা গেলেও আগুন লাগেনি এবং বিষয়টি ‘মানবসৃষ্ট’ হতে পারে বলে প্রাথমিক অনুমান। পুরো ঘটনার তদন্ত চলছে।

আতঙ্ক কেটে গেলে প্রায় দশ মিনিট পর ট্রেনটি আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রেল কর্তৃপক্ষ ধোঁয়ার সঠিক কারণ জানতে যান্ত্রিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।


Share