Laxmir Bhandar

লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার, বিধানসভা নির্বাচনের আগেই মহিলাদের ব‍্যাঙ্কে ঢুকে যাবে বর্ধিত অর্থ

বর্ধিত অর্থের জন্য রাজ্য বাজেটে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মোট বরাদ্দ আরও ১৫ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই বরাদ্দ কার্যকর হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮

রাজ‍্য বাজেটে বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করল রাজ‍্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ‍্য বাজেট অধিবেশনে অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রস্তাব এনেছেন।

রাজ‍্য বাজেটের প্রস্তাবে বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই ‘লক্ষ্মীর ভান্ডার’-এর বর্ধিত অর্থ কার্যকর করা হবে। অতএব ভোটের আগেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকে যাবে। জানা গিয়েছে, এই সরকারি প্রকল্পে এখনও পর্যন্ত গ্রাহকের সংখ্যা ২ কোটি ২১ লক্ষ। রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা জানিয়েছেন, আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন জমা পড়েছে। তাঁদের প্রকল্পের আওতায় আনা হবে। নতুন, পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন। এত দিন যাঁরা মাসে ১০০০ টাকা করে পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ১৫০০ টাকা। এ ছাড়াও, তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে ১২০০ টাকা করে পান। ফেব্রুয়ারি থেকে তাঁদের বরাদ্দ বেড়ে হবে ১৭০০ টাকা।

বর্ধিত অর্থের জন্য রাজ্য বাজেটে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মোট বরাদ্দ আরও ১৫ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই বরাদ্দ কার্যকর হবে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্য বাজেট। নির্বাচনের আগে রাজ্যবাসীকে যে সরকার দু’হাত ভরে দেবে, তা কার্যত নিশ্চিত ছিলই। প্রত্যাশামতোই সর্বত্র বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আরও চার শতাংশ। এ ছাড়া, আশাকর্মীদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াডি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। বেকার যুবকদের জন্যেও পরিকল্পনা রয়েছে সরকারের। বলা হয়েছে, ক্ষমতায় ফিরলে আগামী অগস্ট থেকে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা সরকারি সহায়তা পাবেন। যদিও তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের বিধায়কেরা।

মহিলাদের মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তা দিয়ে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে বরাদ্দ বেড়েছে। ৫০০ থেকে বেড়ে ভাতা হয়েছে ১০০০ টাকা। এ বার তা আরও ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হল। ২৫ বছর বা তার বেশি বয়সি যে কোনও মহিলাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। প্রকল্পের মেয়াদ ৬০ বছর পর্যন্ত। তবে ষাটোর্ধ্বেরা একই পরিমাণ অর্থ বার্ধক্য ভাতা হিসাবে পেয়ে থাকেন।


Share