Border Drug Brust

পানিট্যাঙ্কিতে পুলিশের অভিযান, ৩০৫ গ্রাম ব্রাউন সুগার সমেত ধৃত ৩, আটকের তালিকায় নাবালকও

পানিট্যাঙ্কিতে ফের মাদক ধরল খড়িবাড়ি পুলিশ। ৩০৫ গ্রাম ব্রাউন সুগার-সহ তিন জন গ্রেফতার, ধৃতদের মধ্যে এক নাবালক। সীমান্ত এলাকায় মাদক চক্র ভাঙতে জোরদার তদন্ত শুরু।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৫:২২

ফের ভারত-বাংলাদেশ সীমান্তের পানিট্যাঙ্কি থেকে আটক বিপুল পরিমাণ মাদক৷ ঘটনায় খড়িবাড়ি থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন জন। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মহম্মদ শহিদ (৪৪), উমেশ রাই (১৯) এবং মহম্মদ সামাদ (১৬) নামে এক নাবালক। শহিদ ও সামাদ পানিট্যাঙ্কির চর্নাজৌত এলাকার বাসিন্দা এবং উমেশ গন্ডগোল জৌত এলাকার বাসিন্দা।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাত আটটা ৩০ মিনিট নাগাদ পানিট্যাঙ্কির গৌড়সিংজোত কলোনি মোড় এলাকায় খড়িবাড়ি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। সেই সময় একটি মোটরসাইকেলে তিনজনকে সন্দেহজনকভাবে যাতায়াত করতে দেখে পুলিশ। তখনই তাদের আটক করে তাঁরা। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩০৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে মাদক পাচার ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার নাবালক অভিযুক্তকে দার্জিলিং জুভেনাইল বোর্ডে এবং বাকি দুই অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই মাদক চক্রের মূলে কারা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতদের মধ্যে দুজনকে পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ভারত-নেপাল সীমান্তে এই মাদক পাচার রুখতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে।


Share