Weather Update

পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধাপ্রাপ্ত নয় উত্তুরে হাওয়া! বিদায় বেলায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে দক্ষিণবঙ্গে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে একেবারেই বিদায় নেবে ঠাণ্ডা। মার্চ মাস থেকে গরমের তীব্র দাবদাহ শুরু হবে রাজ্যে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮

মাঘের শীত নাকি বাঘের গায়ে। কিন্তু মাঘ মাসেই পারদ ক্রমশ চড়ছে। ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি অনুভব হলেও বেলা বাড়লেই তা সম্পূর্ণ গায়েব। রোদের তেজে কপালে ঘাম ঝরাচ্ছে রাজ্যবাসীর। তবে আগামী পাঁচ দিন স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রা সামান্য হলেও কমবে। 

হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার থেকে পারদ কিছুটা নামার সম্ভাবনা আছে। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত না হওয়ায় উত্তরে হাওয়া ফের রাজ্যে প্রবেশ করতে পারছে। ফলে তাপমাত্রা ফের ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন তাপমাত্রা সামান্য হলেও কমবে। বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। 

কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশ।


Share