Unnatural Death

বাড়ির বিছানা থেকে উদ্ধার দিনহাটা কলেজের অধ্যাপকের মৃতদেহ, রহস্যমৃত‍্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভাগীয় প্রধানের স্ত্রী কলকাতায় মেয়ের কাছে গিয়েছিলেন। সে সময় বাড়িতে একাই ছিলেন অধ্যাপক। মঙ্গলবারেও তিনি দিনহাটা কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নির্দিষ্ট দায়িত্বে ছিলেন।

অধ্যাপক অমিতাভ দত্ত
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০১:১৩

বুধবার রাতে বাড়ির বিছানা থেকে উদ্ধার দিনহাটা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক। মৃতের নাম অমিতাভ দত্ত। তিনি দিনহাটা শহরের বাবুপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি, রহস্যমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনার দিন সকাল থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না অধ্যাপককে। পরিবারের সদস্যেরা একাধিক বার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। এরপরে তাঁর বাড়িতে আসে কলেজের কয়েক জন আধিকারিক ও শিক্ষকেরা। বারবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় স্থানীয় থানায় খবর দেয় তারা। জানানো হয় দমকল বিভাগেও। পুলিশ ও দমকল কর্মীরা এসে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভাগীয় প্রধানের স্ত্রী কলকাতায় মেয়ের কাছে গিয়েছিলেন। সে সময় বাড়িতে একাই ছিলেন অধ্যাপক। মঙ্গলবারেও তিনি দিনহাটা কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নির্দিষ্ট দায়িত্বে ছিলেন।

মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কলেজের আধিকারীক-সহ শিক্ষকেরা। অধ্যাপকের মৃত্যুর পরে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘‘স্যরের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক ছিলেন স্যর। আমি ইংরেজি বিভাগের ছাত্র হলেও তাঁর সাহচর্য পেয়েছিলাম । তাঁর অস্বাভাবিক মৃত্যু বেদনাদায়ক। ’’


Share