Metro Update

ফের চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ! সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

বৃহস্পতিবার বিকেল ৬টে ৪৬ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করার জন্য মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তারপর ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চালানো হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২১

ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। এ বার রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক জন। যার জেরে বৃহস্পতিবার বিকেলে 'ব্লু লাইনে' টানা এক ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫টা ৪৭ মিনিট থেকে আবার পরিষেবা স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৬টে ৪৬ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করার জন্য মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তারপর ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চালানো হয়। পরিষেবা বন্ধ ছিল রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়শই এখন আত্মহত্যার চেষ্টা হয়। অন্যান্য নতুন তৈরি রুটগুলিতে সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হলেও সবচেয়ে পুরনো এই রুটে তা করা যায়নি। মেট্রো স্টেশনে এই আত্মহত্যার চেষ্টা দীর্ঘ দিন ধরেই মেট্রো কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সপ্তাহের মাঝে কাজের দিনে বৃহস্পতিবারও সেই একই সমস্যা। অফিস ফেরত যাত্রীদের আসার সময় এই ঘটনা ঘটায় অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। স্টেশনে স্টেশনে মেট্রো থামিয়ে রবীন্দ্র সরোবরে আত্মহত্যার চেষ্টার কথা ঘোষণা করা হয়। তার ফলে পরিষেবা থমকে যায় একাধিক স্টেশনে। অনেকে মেট্রো থেকে মাঝপথে নেমে যাতায়াতের অন্য মাধ্যমের সন্ধান করেন। স্টেশনগুলিতে ভিড়ও বাড়তে থাকে। সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হলেও এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি যাত্রীদের একাংশের। স্টেশনে এবং মেট্রোর ভিতরে ভিড় রয়েছে।


Share