Bankn Scam Suicide

ব্যাঙ্কের হিসেবের গরমিলেই মৃত্যু! চাপ ও হুমকির অভিযোগ, আত্মঘাতী ক্যাশিয়ার প্রহ্লাদ বসাক

ব্যাঙ্কের হিসাব গরমিলের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী ব্যাঙ্ক ক্যাশিয়ার প্রহ্লাদ বসাক। ঘটনায় ম্যানেজার ও লোন এজেন্ট গ্রেফতার। অভ্যন্তরীণ হুমকির অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৪:১৫

ব্যাঙ্কের হিসাবে বড়সড় গরমিলের জেরে আত্মঘাতী হলেন এক ব্যাঙ্ক ক্যাশিয়ার। মৃতের নাম প্রহ্লাদ বসাক (৩২)। তিনি ময়নাগুড়ির ভোটপট্টি এলাকার বাসিন্দা। কর্মসূত্রে গত দু’বছর ধরে ফাঁসিদেওয়ায় ব্যাঙ্কের ভাড়া নেওয়া ঘরে থাকতেন।

মৃতের পরিবারের অভিযোগ, ব্যাঙ্কের অভ্যন্তরীণ চাপ ও হুমকির জেরেই এই চরম সিদ্ধান্ত। ঘটনায় ফাঁসিদেওয়া থানায় দু’টি অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে ব্যাঙ্কের ম্যানেজার প্রতাপ সরকার ও লোন কালেকশন এজেন্ট সমীর দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, সমীর দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে লোনের টাকা তুলে তা ক্যাশে জমা করেননি। কয়েক লক্ষ টাকার গরমিল নিয়ে প্রহ্লাদের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। মৃতের স্ত্রী রাখির দাবি, টাকা চাইলে সমীর টালবাহানা করতেন এবং বিষয়টি ম্যানেজারকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মৃতের ভাই জিৎ বসাকের অভিযোগ, মাসের পর মাস ১৩-১৪ লক্ষ টাকার হিসেবের গরমিল কীভাবে ধরা পড়েনি, তা নিয়েও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দায় রয়েছে। যদিও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ম্যানেজারের আত্মীয় গোপাল সরকার দাবি করেছেন, সমীর টাকা আত্মসাৎ করলেও প্রতাপের সরাসরি যোগ নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগেই একটি প্রাথমিক তদন্তে তিনজনেরই গাফিলতির প্রমাণ পায়। দ্রুত টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত দিনে সমীর আংশিক টাকা নিয়ে আসেন। তাতেই চাপে পড়ে যান প্রহ্লাদ। পরে নিজের ঘরে গিয়ে তিনি আত্মঘাতী হন।

শিলিগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ রায় জানান, অভিযুক্তদের তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার ব্যাঙ্ক খুললে কর্মীদের জেরা করে তদন্ত আরও এগোবে।


Share