Law And Order

গভীর রাতে অন্ডালের কোলিয়ারিতে দুষ্কৃতী হামলা, নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারধর, লুটপাটের অভিযোগ, তদন্তে পুলিশ

অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে গভীর রাতে দুষ্কৃতী দল ঢুকে নিরাপত্তারক্ষীদের মারধর করে মোবাইল, নগদ টাকা ও গলার চেন লুটের অভিযোগ। তাঁদের ঘরে আটকে রেখে কোলিয়ারির তামার সামগ্রী চুরি ও টেলিফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ডাকাতির মুহূর্তের সিসিটিভি ফুটেজ।
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ০৬:২৯

শনিবার গভীর রাতে অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে দুষ্কৃতী হামলা ও লুটপাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মুখ ঢাকা অবস্থায় আট থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র ও শাবল নিয়ে কোলিয়ারিতে ঢোকে। নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে তাঁদের মারধর করা হয়। পরে মোবাইল, নগদ টাকা, এটিএম কার্ড ও গলার চেন লুট করে তাঁদের একটি ঘরের মধ্যে আটকে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে কোলিয়ারিতে ঢোকার পর প্রথমেই নিরাপত্তারক্ষীদের দুষ্কৃতীরা ঘিরে ফেলে। প্রত্যেকের মুখ ঢাকা থাকায় নিরাপত্তারক্ষীরা কাউকেই শনাক্ত করতে পারেননি। অভিযোগ, ছুরি বা চাকু এবং শাবল দেখিয়ে তাঁদের ভয় দেখানোর পাশাপাশি বেধড়ক মারধর করা হয়।

ঘটনায় আক্রান্ত রামবদন কাহারের দাবি, তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ প্রায় ছ’হাজার টাকা দুষ্কৃতীরা ছিনিয়ে নেয়। এরপর কোলিয়ারির ‘হাজরি বাবু’র কাছ থেকেও মোবাইল, প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা এবং গলার চেন নিয়ে নেওয়া হয়। কোলিয়ারির আরও তিন নিরাপত্তারক্ষীর মোবাইল ফোনও লুট করা হয়েছে বলে অভিযোগ।

লুটপাটের পর নিরাপত্তারক্ষীদের একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর কোলিয়ারির বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা তল্লাশি চালায়। প্রাথমিকভাবে অনুমান, কোলিয়ারির তামার সামগ্রীই ছিল তাদের মূল লক্ষ্য। সেই সামগ্রী চুরি করতে বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

অভিযোগ, কোলিয়ারির টেলিফোনও ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। ফলে যোগাযোগ ব্যবস্থাতেও সমস্যা তৈরি হয়। কোলিয়ারির আরও কিছু সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

খনি শ্রমিক রাজীব মাহাতোর দাবি, রাতে ডিউটি করার সময় আচমকাই অস্ত্র হাতে একদল দুষ্কৃতী তাঁদের সামনে হাজির হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, প্রায় ৩৪ বছর পর পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে ফের এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। ঘটনায় খনি এলাকার শ্রমিক ও কর্মীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে কোলিয়ারির বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া সামগ্রীর পরিমাণ এবং ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর কোলিয়ারির রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share