Fire Incident

পানাগড়ে বৈদ্যুতিক স্কুটারের শোরুমে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়। দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি।

পানাগড়ে স্কুটার শো-রুমে আগুন।
নিজস্ব সংবাদদাতা, পানাগড়
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১

পশ্চিম বর্ধমানের পানাগড়ে বৈদ্যুতিক স্কুটারের শোরুমে আগুন ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার ওই শোরুম থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়। দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি।

একটি তিনতলা ভবনের একতলায় ছিল বৈদ্যুতিক স্কুটারের শোরুমটি। ভবনের উপরতলায় একটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। সকালে ভবনের তিনতলার বাসিন্দারাই প্রথম শোরুম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। ওই সময় শোরুম এবং উপরতলার স্কুলে কেউ না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। ভবনের উপরতলাতেও তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শোরুমের ভিতরে থাকা অধিকাংশ বৈদ্যুতিক স্কুটারই পুড়ে ছাই হয়ে গিয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।


Share