Weather Update

রাজ্যে নামল উত্তুরে হাওয়া, কলকাতায় একধাক্কায় কমল ৩ ডিগ্রি তাপমাত্রা, ডিসেম্বরে ফের ঘূর্ণিঝড়?

কলকাতা- সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পারদ পতন। রাতের তাপমাত্রা কমল প্রায় ৩ ডিগ্রি। তবে আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে ফের একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি শক্তি বাড়িয়ে ২ ডিসেম্বর সম্ভাব্য ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪৯

ঘূর্ণিঝড়ের দাপট কাটতেই রাজ্যে বইছে উত্তুরে হাওয়া। ভোরে হালকা কুয়াশা। সকালের আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠতে শুরু করেছে। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই পারদ নিম্নমুখী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ- আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবারের তুলনায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমেছে, যা আগামী দিনে আরও নামতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে।

বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে পরিষ্কার আকাশ রোদের দেখা মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। পারদ পতনের সঙ্গে সঙ্গে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বেড়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে, কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার এই দাপট থাকবে এবং আগামী চার-পাঁচ দিন সেখানে আবহাওয়া শুষ্কই থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় প্রায় তিন ডিগ্রি কমে ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা মঙ্গলবার ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে, যেখানে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে বর্তমান এই মনোরম ও শীতল আবহাওয়া কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে ফের একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি শক্তি বাড়িয়ে ২ ডিসেম্বর সম্ভাব্য ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ৫ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদিও এর গতিপথ ও সম্ভাব্য ল্যান্ডফলের স্থান এখনও নিশ্চিত নয়। এর পাশাপাশি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার ইঙ্গিত মিলছে। তবে দু’টি ওয়েদার সিস্টেমের গতিপথই এখনও স্পষ্ট নয়।


Share