Gang Rape

দিল্লিতে ফের গণধর্ষণের অভিযোগ, সহকর্মীদের বিরুদ্ধে থানায় তরুণী! দুই মহিলা-সহ ধৃত ৩

এ বার পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই মহিলা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ১২:০৯

দিল্লিতে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পুলিশি নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে। এর মধ্যেই রাজধানীতে ফের গণধর্ষণের অভিযোগ উঠল। এ বার পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই মহিলা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কারকারদুমা এলাকার একটি শপিং মলের ক্যাফেতে কাজ করতেন। অভিযুক্তরাও ওই ক্যাফেরই কর্মী। গত সোমবার রাতে প্রীতবিহারের একটি ক্যাফেতে তাঁরা পার্টির আয়োজন করেছিলেন। সেখানে তরুণীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। অভিযোগ, পার্টি চলাকালীনই দুই পুরুষ সহকর্মী তাঁকে গণধর্ষণ করেন। এই ঘটনায় বাকিরাও সাহায্য করেছিলেন বলে অভিযোগ তরুণীর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ক্যাফেটি সাধারণত রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায়। তবে সহকর্মীদের মধ্যে এক জনের কাছে ওই ক্যাফের চাবি ছিল। সোমবার রাতে ক্যাফে বন্ধ হওয়ার পর সেই চাবি দিয়ে ফের দরজা খুলে ভিতরে ঢোকেন তাঁরা। এরপর পার্টি শুরু হয়। সেখানে মদ্যপান ও নাচগান চলে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, রাত ৩টে পর্যন্ত পার্টি চলেছিল। সেই সময়েই নির্যাতিতার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। তরুণীর বয়ানের ভিত্তিতে চার জন পুরুষ ও দুই মহিলার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে দিল্লি ও সংলগ্ন এলাকায় একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। কখনও পার্কে পুলিশ পরিচয় দিয়ে, কখনও আবার চলন্ত বাসে নাবালিকাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। একাধিক ঘটনার প্রেক্ষিতে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গও টেনে আনে শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, সাম্প্রতিক ঘটনাগুলির সঙ্গে নির্ভয়াকাণ্ডের যন্ত্রণার তুলনা না করে থাকা যায় না। এই ধরনের অপরাধ পুলিশি ব্যবস্থার ব্যর্থতাকেই সামনে নিয়ে আসছে।

পুলিশের ভূমিকা এবং নজরদারির পরিকাঠামো নিয়েও তীব্র প্রশ্ন তোলে বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। আদালতের প্রশ্ন ছিল, নজরদারি না থাকলে সিসিটিভি কী ভাবে অপরাধ আটকাবে? অপরাধ মোকাবিলায় ‘ওয়ার রুম’ না থাকলে পুলিশ কী ভাবে পরিস্থিতি সামাল দেবে? শীর্ষ আদালতের এই ভর্ৎসনার দেড় মাসের মধ্যেই ফের রাজধানীতে গণধর্ষণের অভিযোগ ওঠায় দিল্লির নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Share