Weather Update

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটার দিন কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভাইফোঁটার দিন আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির আশঙ্কা নেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৩:৩৬

মা কালী স্বর্গের পথে গমন করেছেন। এবার ভাইদ্বিতীয়া। বুধবার ভাইফোঁটার উৎসব। তবে উৎসবের আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত পূর্বাভাসে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী দু’ থেকে তিন ঘণ্টার মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়াও বইতে পারে এই জেলাগুলিতে। কলকাতা এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

তবে ভাইফোঁটার দিন আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এখনও পর্যন্ত ভাইফোঁটার দিন রাজ্যের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। উত্তরবঙ্গেও বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। যদিও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় হালকা ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা।

এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। নতুন করে কোনও ঘূর্ণিঝড়ের সতর্কতাও নেই। এর আগে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই সঙ্গে জারি করা হয়েছিল হলুদ সতর্কতা। তবে মঙ্গলবার দুপুরের সর্বশেষ বুলেটিনে ভাইফোঁটার দিন ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস রাখা হয়নি। ফলে মঙ্গলবারের বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার উৎসবের দিন আবহাওয়া নিয়ে আপাতত বড় কোনও দুশ্চিন্তা নেই।


Share