Weather Update

অষ্টমীর সকাল রোদ ঝলমলে, পুজোর বাকি দিন গুলিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার ইঙ্গিত রয়েছে। তবে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১১:৪৪

প্রথম সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টিতে কিছুটা বিঘ্নিত হয়েছিল পুজোর আনন্দ। রবিবারও বিভিন্ন জায়গায় সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে। তাই মহাষ্টমীতে ফের বৃষ্টির আশঙ্কা ছিল অনেকের মনেই। তবে সোমবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে। মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমীর অঞ্জলি। তাহলে কি গোটা দিনই এমন আবহাওয়া থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। পরে আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবারও কলকাতার আবহাওয়া মোটামুটি একই রকম থাকার পূর্বাভাস রয়েছে।

 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও বিশেষ সম্ভাবনা নেই। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। যদিও স্থানীয়ভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও শুষ্ক থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরম বজায় থাকবে। এই অস্বস্তিকর আবহাওয়া কবে কাটবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সব মিলিয়ে মহাষ্টমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টির আশঙ্কা কম। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ফলে পুজোর বাকি দিনগুলিতে আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকার ইঙ্গিত মিলছে। তবে ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলছে না।


Share