Weather Update

দশমীও কাটবে স্বস্তিতেই, রোদ ঝলমলে আকাশ, পুজোর পরেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি!

পূজো শেষ হতেই দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, রবিবার থেকে সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১২:০৩

আজ দশমী। পুজো শেষে মায়ের স্বর্গে ফেরার পালা। দুর্গাপুজোর দিনগুলিতে বড়সড় ঝড়-বৃষ্টির দুর্ভোগ থেকে অনেকটাই রেহাই পেয়েছে পুজোপ্রেমীরা। দ্বিতীয় সপ্তমীর পর থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। নবমীও কেটেছে মোটের উপর মনোরম পরিবেশে। আজ বিজয়া দশমীতেও আবহাওয়ার বড়সড় অবনতি হওয়ার সম্ভাবনা নেই। তবে পুজো শেষ হতেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস ঘিরে নজর রাখছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি থাকলে সেটি শক্তি বাড়িয়ে রবিবার থেকে সোমবারের মধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য গতিপথ নিয়েও এখনই কোনও নিশ্চিত পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

আবহবিদদের নজর আপাতত দক্ষিণ আন্দামান সাগরের পরিস্থিতির দিকে। ঘূর্ণাবর্ত তৈরি হলেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটা নয়। পাশাপাশি, সম্ভাব্য এই ঘূর্ণাবর্তের প্রভাব বাংলার আবহাওয়ার উপর কতটা পড়বে, তা নিয়েও এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে উৎসবের মরসুমে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রের কিছু অংশেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিজয়া দশমীতে বাংলার আবহাওয়া নিয়ে আপাতত বড় কোনও উদ্বেগ নেই। সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, দেখা মিলেছে রোদেরও। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি বা বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলেই পূর্বাভাস। অর্থাৎ, দশমীর দিন মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকার সম্ভাবনা।


Share