Weather Update

সপ্তমীতে হালকা বৃষ্টির সম্ভাবনা! অষ্টমী থেকে আবহাওয়ার পরিবর্তন, প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনার আগে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া?

সপ্তমীতে হালকা বৃষ্টির সম্ভাবনা! অষ্টমী থেকে আবহাওয়ার পরিবর্তন, প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনার আগে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া?

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১০:৪৯

আজ মহাসপ্তমী। পুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঠাকুর দেখার ঢল। তবে পরিকল্পনার আগে জেনে নিন আবহাওয়া কি বলছে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পাশাপাশি, শরতের আমেজে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।

শনিবার অর্থাৎ সপ্তমীতে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারও উপকূলবর্তী কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। অষ্টমী, নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর। সেই সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শনিবার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে পর্যটকদের ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগও মিলতে পারে।

 কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বিকেলের পর আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।

সব মিলিয়ে সপ্তমীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর বাকি দিনগুলিতে আবহাওয়া অনুকূল থাকার সম্ভবনা। তাই বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা মাথায় রেখে নির্ভয়ে ঠাকুর দেখার পরিকল্পনা করতে পারেন পুজোপ্রেমীরা।


Share