Weather Update

সপ্তাহান্তের স্বস্তি শেষে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

সোমবার থেকে ফের সক্রিয় হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯

সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিললেও ফের বদলাতে চলেছে আবহাওয়া। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং আরও একটি অক্ষরেখার প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শ্রীগঙ্গানগর থেকে সাতনা, ডাল্টনগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখাটি ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। এর সঙ্গে গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখাও রয়েছে, যার প্রভাব পড়ছে বাংলায়। এই পরিস্থিতির জেরেই সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে।

সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা রয়েছে।

মঙ্গলবার আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সতর্কতা থাকছে।

বুধবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, যদিও পুরোপুরি বৃষ্টি থামার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও আপাতত দুর্যোগের আশঙ্কা থাকছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তখন জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি চলবে।


Share