Weather Update

আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে স্বস্তির ইঙ্গিত

দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২

সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া আবহাওয়া পরিস্থিতির প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণও।

মঙ্গলবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার ফের উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১৬.৭ মিলিমিটার।


Share