Weather Update

এখনই মিলবে না রেহাই, সপ্তাহের শুরুতেই আবার বাড়তে পারে বৃষ্টির দাপট, একাধিক জেলায় হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভস

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬

কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলেছে। তবে ইতিমধ্যেই বৃষ্টির দাপট কিছুটা কমেছে। মাঝেমধ্যেই আকাশে দেখা মিলছে নীল আকাশ ও সাদা মেঘের। তবে তাতেই বর্ষা বিদায়ের ইঙ্গিত মিলছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরু থেকেই ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায়। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে সোমবার থেকেই ফের বৃষ্টির প্রবণতা বাড়বে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। এই তিন জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার জন্য ওই দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ ও অসমের উপরেও আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।

উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই চার জেলার জন্য হলুদ সতর্কতা রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিরও কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ, আপাতত বৃষ্টি কিছুটা কমলেও বর্ষার বিদায় এখনই হচ্ছে না। সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস থাকায় একাধিক জেলায় নজর রাখছে আবহাওয়া দফতর।


Share