Weather Update

বুধবারও কাটছে না নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, দুই জেলায় কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গে শুরু হওয়া বৃষ্টি বুধবারও অব্যাহত থাকার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে কমলা সতর্কতা।

বুধবারও বৃষ্টির সম্ভবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি। সোমবার বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তবে তার উল্টো ছবিই দেখা যায়। মঙ্গলবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। আজ, বুধবারও বৃষ্টির পরিস্থিতি খুব একটা বদলাবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি রবিবারই আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। স্থলভাগে ঢোকার পর নিম্নচাপের অবস্থান ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এর পাশাপাশি জম্মু থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল একটি মৌসুমি অক্ষরেখা। সেই অক্ষরেখাও নিম্নচাপের কেন্দ্রের উপর দিয়ে অবস্থান করছিল। অন্য দিকে বিহার ও ঝাড়খণ্ডের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

এই তিনটি আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টি হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় মোট ১২৯.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। টানা বৃষ্টির জেরে শহরের তাপমাত্রাও বেশ কিছুটা নেমেছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম।

বুধবার সারাদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।


Share