Weather Update

বঙ্গপসাগরে নিম্নচাপ, কলকাতা- সহ দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ, একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও পাদদেশের জেলাগুলিতেও আগামী কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮

সেপ্টেম্বরেও কাটছে না দুর্যোগ। মাসের শুরুতেই আবারও বৃষ্টির দেখা। সোমবার দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকালেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। কোথাও টানা, আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য দিকে উত্তরবঙ্গের পাহাড় ও পাদদেশের জেলাগুলিতেও আগামী কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ৩১ অগস্টও সক্রিয় ছিল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় অতিভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাতের সম্ভাবনা বেশি। তাই দুর্যোগের সময় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। গত ২৪ ঘণ্টার বৃষ্টির পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিঘায়। সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিঘার পরেই রয়েছে সাগর দ্বীপ। সেখানে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হলদিয়ায় ৬১ মিলিমিটার এবং সিউড়িতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শেষ মাস। সাধারণত এই সময় থেকেই ধীরে ধীরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়। তবে এবার সেপ্টেম্বরের শুরুতেই ফের সক্রিয় হয়েছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব, মধ্য ও উত্তর ভারতের কিছু অংশে আগামী দিনে বৃষ্টির কার্যকলাপ আরও বাড়তে পারে। এর ফলে দেশের বিস্তীর্ণ এলাকায় বর্ষার ঘাটতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।


Share