Weather Update

সক্রিয় নিম্নচাপ, সপ্তাহজুড়েই বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

সোম থেকে বুধবার পর্যন্ত একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:০০

চলতি সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। সক্রিয় রয়েছে নিম্নচাপ অঞ্চল। পাশাপাশি শক্তি বাড়াচ্ছে বর্ষার অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এরপর তা পূর্ব দিকে এগিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। সেটির সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। পাশাপাশি গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা রয়েছে, যা উত্তরপ্রদেশের নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়েছে। এর জেরেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গে বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে ১১ সেন্টিমিটার। অন্যদিকে পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এ দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারও বৃষ্টির দাপট বজায় থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে। ওই দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবারের পর দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য আপাতত আলাদা করে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়।

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বুধবার পর্যন্ত শহরে মাঝেমধ্যে ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহে বুধবার বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে।

তবে সপ্তাহান্তে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

এদিকে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি।


Share