Sukanta Majumdar

‘যুবসাথী’ ফ্লপের ভবিষ্যদ্বাণী! কোষাগারে টাকা নেই দাবি সুকান্ত মজুমদারের, পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিজেপি কি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করেন।

সুকান্ত মজুমদার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১১

‘যুবসাথী’ প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ‘যুবসাথী ফ্লপ করবে। একটা পয়সাও দিতে পারবে না ৷ বাজেট কোথায় ? কোষাগারে অর্থই নেই। কিন্তু বিজেপি এসে দেবে। আমরা বন্ধ করব না।’’ তাঁর দাবি, এই ধরনের প্রকল্পের ভাবনা বিজেপির আগেই ছিল, কিন্তু তৃণমূল সরকারের হাতে তা ফ্লপ হবে।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিজেপি কি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করেন। তিনি বলেন, ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, বরং এমন রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী নিজেই।

অন্যদিকে, রাজ্যজুড়ে ‘যুবসাথী’ প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন জেলায় শিবিরে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। প্রথম দু’দিনেই ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে রাজ্য সরকার বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী এপ্রিল মাস থেকে এই সুবিধা কার্যকর হওয়ার কথা।

আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আবেদনপত্র জমা পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি সত্যিই কর্মহীন কি না, তা একাধিক উপায়ে যাচাই করা হবে। যেমন, কারও প্রভিডেন্ট ফান্ড বা ইএসআই সুবিধা থাকলে তিনি এই প্রকল্পের আওতায় পড়বেন না।

সরকার ইতিমধ্যেই জানিয়েছে, সরকারি স্কলারশিপ পেলেও ‘যুবসাথী’র ১৫০০ টাকা ভাতা পাওয়া যাবে। তবে অন্য কোনও সরকারি ভাতা গ্রহণ করলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন আবেদনকারী পাঁচ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এই সময়ের মধ্যে কর্মসংস্থান হলে তা সরকারকে জানানো বাধ্যতামূলক। নবান্ন সূত্রে খবর, আপাতত আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সরকারের অগ্রাধিকার। অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে চূড়ান্ত শর্তাবলি এখনও আলোচনাধীন।


Share