Supreme Court

‘আদালতের সময় নষ্ট করবেন না’, ভিডিয়ো দেখতে অস্বীকার প্রধান বিচারপতির, নিট-কাণ্ডে সিজেপির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

আবেদনকারী আইনজীবী ঘটনার জরুরি শুনানি এবং সেই দিনের ভিডিও আদালতে দেখানোর আর্জি জানালেও প্রধান বিচারপতি তা নাকচ করে বলেন, “আমাদের সময় নষ্ট করবেন না।”

নিট-কাণ্ডে সিজেপির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০২:১৮

নিট-কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়ে করা আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আবেদনকারী আইনজীবী ঘটনার জরুরি শুনানি এবং সেই দিনের ভিডিয়ো আদালতে দেখানোর আর্জি জানালেও প্রধান বিচারপতি তা নাকচ করে দিয়ে বলেন, “আমাদের সময় নষ্ট করবেন না।”

প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সময় এক আইনজীবী জানান, নিটে প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র সংস্কারের দাবিতে পড়ুয়ারা প্রতিবাদ করছিলেন। সেই সময় প্রধান বিচারপতি তাঁকে থামিয়ে ‘ধন্যবাদ’ জানিয়ে বসে যেতে বলেন। এরপর আইনজীবী পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে প্রতিবাদের কিছু ভিডিয়ো দেখানোর চেষ্টা করেন। তাঁর দাবি, ওই ফুটেজে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের দৃশ্য রয়েছে। তবে প্রধান বিচারপতি ভিডিয়ো দেখতে অস্বীকার করে স্পষ্ট জানান, ‘‘ভিডিয়োতে আমাদের কোনও আগ্রহ নেই। আমাদের দেখার সময়ও নেই।’’

মঙ্গলবার একই ইস্যুতে দিল্লি হাই কোর্টেও আবেদন জানানো হয়েছিল। তবে পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। মামলাকারীদের উদ্দেশে বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘‘এই সব ব্যাপারে আদালতকে জড়াবেন না।’’

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দীর্ঘদিন ধরেই সংসদে আলোচনার দাবি জানিয়ে আসছিল বিরোধীরা। এ বার সেই দাবিতে সম্মতি জানাল কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘পড়ুয়ারাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা চাই।’’ এ দিকে, বুধবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধী সাংসদেরা। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত বসু-সহ বহু সাংসদ কালো পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। তাঁদের মূল দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।


Share