ISRO

ইসরোর মাইলস্টোন মুহূর্ত, ৬১০০ কেজির ব্লু-বার্ড৬ উৎক্ষেপণে বিশ্বমঞ্চে ভারতের দাপট

বড়দিনের আগে ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে বুধবার সকাল আট'টা ৫৪ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ হয় ‘বাহুবলী’ এলভিএম৩ রকেট।

বাহুবলী’ এলভিএম৩ রকেট
নিজস্ব সংবাদদাতা, শ্রীহরিকোটা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫০

বড়দিনের আগে দেশবাসীকে বিশেষ উপহার দিল ইসরো। ভারতের মাটি থেকে এখনও পর্যন্ত সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে বুধবার সকাল আট'টা ৫৪ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ হয় ‘বাহুবলী’ এলভিএম৩ রকেট।

এই রকেটের মাধ্যমে আমেরিকার স্যাটেলাইট ব্লু-বার্ড৬–কে লো আর্থ অরবিটে পাঠানো হয়েছে। প্রায় ছ'হাজার ১০০ কেজি ওজনের এই উপগ্রহটি ইসরোর মাধ্যমে উৎক্ষেপিত সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ হিসেবে নতুন রেকর্ড গড়ল। এর আগে গত নভেম্বরে ইসরোর তৈরি চার হাজার ৪১০ কেজি ওজনের ‘সিএমএস-০৩' উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল।

এএসটি স্পেস মোবাইলের তৈরি ব্লু-বার্ড ব্লক-২ উপগ্রহটি মূলত মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে 4G ও 5G সেলুলার ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার লক্ষ্যেই তৈরি। এতে রয়েছে অত্যাধুনিক ফেসড অ্যারি অ্যান্টেনা। উপগ্রহটির আয়তন প্রায় দু'হাজার ৪০০ বর্গফুট, যা আগের ব্লু-বার্ড ১-৫ স্যাটেলাইটগুলির তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বড়। পাশাপাশি, অন্যান্য উপগ্রহের তুলনায় প্রায় দশ গুণ বেশি ডেটা ধারণক্ষমতা রয়েছে এতে।

সফল উৎক্ষেপণের পর ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ গবেষণার এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ একটি মাইলস্টোন তৈরি করল। ভারতের ভারী উপগ্রহ লঞ্চের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। গ্লোবাল কমার্সিয়াল লঞ্চ মার্কেটে আমাদের গুরুত্ব বাড়বে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার একটি সফল প্রতিফলন এটি। আমাদের প্রত্যেক মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের আমি শুভেচ্ছা জানাই।’


Share