CPIM Leader Arrested

মিছিল থেকে অশান্তি পাকানোর অভিযোগ, গ্রেফতার উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ-সহ দু’জন, হাজির করানো হবে আদালতে

সোমবার রাতে চুঁচুড়া থানার পুলিশ শ্রুতিনাথের উত্তরপাড়ার বাড়িতে পৌঁছোয়। সেখান থেকে সিপিএম নেতাকে গ্রেফতার করে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। শুধু শ্রুতিনাথ নন, আরও দুই সিপিএম কর্মী গ্রেফতার হয়েছেন। ধৃতদের নাম, দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তী। তাঁরা প্রত্যেকেই কোন্নগড়ের বাসিন্দা।

গ্রেফতার শ্রুতিনাথ প্রহরাজ।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ১২:৫৯

গ্রেফতার সিপিএম নেতা শ্রুতিনাথ প্রহরাজ। তিনি হুগলির উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন সিপিএমের বিধায়ক ছিলেন। অভিযোগ, তিনি মিছিল থেকে অশান্তি ছড়িয়েছেন। তাঁকে চুঁচুড়া থানার পুলিশ গ্রেফতার করেছে।

গত ১০ অগস্ট সিপিএম রাজ‍্য জুড়ে ‘আইন অমান্য’ আন্দোলনের ডাক দিয়েছিল। চুঁচুড়ায় শ্রুতিনাথের নেতৃত্বে সেই মিছিল হয়েছিল। তাঁদের হুগলির জেলাশাসকের দফতরে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ নিরাপত্তার স্বার্থে তাঁদের রাস্তা আটকায়। ঘড়ির মোড়ে তাঁদের আটকানো হয়। তার পরেই মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। ভাঙা হয় ব‍্যারিকেড। সিপিএমের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় কয়েক জন সিপিএমের সমর্থক জখম হয়েছে বলেও অভিযোগ ওঠে।

সেদিনের ঘটনায় ৪০ জনের বেশি সিপিএমের সমর্থককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে চার জনকে গ্রেফতার করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়। ধৃতেরা পরের দিন আদালত থেকে জামিন পান। সেই ঘটনায় মামলা দায়ের করে চুঁচুড়া থানার পুলিশ। শ্রুতিনাথের বিরুদ্ধে অভিযোগ, মিছিলের নামে অশান্তি ছড়ানো হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। পুলিশকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিয়েছেন। সরকারি নির্দেশকে অমান্য করেছেন। এর ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে চুঁচুড়া থানার পুলিশ শ্রুতিনাথের উত্তরপাড়ার বাড়িতে পৌঁছোয়। সেখান থেকে সিপিএম নেতাকে গ্রেফতার করে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। শুধু শ্রুতিনাথ নন, আরও দুই সিপিএম কর্মী গ্রেফতার হয়েছেন। ধৃতদের নাম, দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তী। তাঁরা প্রত্যেকেই কোন্নগড়ের বাসিন্দা।

ধৃতদের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।মঙ্গলবার ধৃতদের চুঁচুড়া আদালতে হাজির করবে পুলিশ।


Share