IRCTC

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু-রাবড়ী-তেজস্বীর বিরুদ্ধে চার্জ গঠন, ৩ অক্টোবর আদালতে হাজিরার নির্দেশ

এ বার আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ আদালতের।

লালুপ্রসাদ যাদব এবং তাঁর পুত্র তেজস্বী যাদব।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৯

বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে করা আবেদন আগেই দিল্লি হাই কোর্ট খারিজ করেছিল। এ বার আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ আদালতের। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ী দেবী, পুত্র তেজস্বী যাদব-সহ মোট ন’জন অভিযুক্তের বিরুদ্ধে আদালত চার্জ গঠনের নির্দেশ দিল।

তদন্তকারী সংস্থা ইডি-র পেশ করা চার্জশিটে মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে সাত জনকে বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে অব্যাহতি দিয়েছেন। বাকি ন’জনের মধ্যে লালুপ্রসাদ, রাবড়ী দেবী ও তেজস্বী যাদব-সহ সকলকে আগামী ৩ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বিচারক বিশাল গোগনে জানান, মামলায় কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই লেনদেনের সঙ্গে যাদব পরিবারের সদস্যদের নামও উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন। অভিযোগ, প্রথম ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ আইআরসিটিসি-র অধীনে ঝাড়খণ্ডের রাঁচী এবং ওড়িশার পুরীর দু’টি হেরিটেজ হোটেলের লিজ়ের টেন্ডার একটি বেসরকারি সংস্থাকে পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। এর বিনিময়ে তাঁর পরিবার প্রায় তিন একর জমি পেয়েছিল বলে অভিযোগ। তবে আদালতে লালুপ্রসাদ এবং তাঁর পরিবারের সদস্যেরা নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন।

২০০৫ সালে আইআরসিটিসির রাঁচী ও পুরীর দু’টি হোটেল রেল লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই জন্য বরাতপত্র চাওয়া হয়। সে সময় বিহারের পটনায় ‘চাণক্য’ নামে একটি হোটেল চালাত ‘সুজাতা’ গোষ্ঠী। অভিযোগ, ওই হোটেল গোষ্ঠীই বরাত পায় এবং বিনিময়ে লালুপ্রসাদ ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জমি দেওয়া হয়েছিল। ‘সুজাতা’ গোষ্ঠীর মালিক বিনয় কোচহার ও বিজয় কোচহারের বিরুদ্ধেও এ দিন আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিচারক বিশাল জানান, তদন্তের ধরন, সময়কাল এবং গতিপ্রকৃতি খতিয়ে দেখে তাঁর মনে হয়নি যে রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে লালুপ্রসাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। পাশাপাশি, আইআরসিটিসি হোটেল লিজ দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলায় লালুপ্রসাদ-সহ ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে গত বছরের অক্টোবরেই চার্জ গঠন করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।


Share