Food Safety

প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় উদ্ধার পুরনো মাংস-মাছ, পুজোর প্রাক্কালে লেকটাউনের দুই রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

অভিযানের তালিকায় ছিল সিমলা বিরিয়ানি এবং প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের দুটি রেস্তোরাঁ—চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা। চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি আগামী দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।

লেকটাউনের তিনটি রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান
নিজস্ব সংবাদদাতা, লেকটাউন
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১

পুজোর আগে বিভিন্ন রেস্তোরাঁতে জোরকদমে অভিযান চলেছে খাদ্য সুরক্ষা দফতর। শুক্রবার লেকটাউনের তিনটি রেস্তোরাঁয় অভিযান চালাল বিধাননগর পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। অভিযানের তালিকায় ছিল সিমলা বিরিয়ানি এবং প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের দুটি রেস্তোরাঁ— চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা।

সূত্রের খবর, অভিযানে চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা থেকে বিপুল পরিমাণ মাংস ও মাছ উদ্ধার করা হয়েছে। তাঁদের অভিযোগ, প্রায় ৫০ থেকে ৬০ কেজি মাংস ও মাছ বেশ কয়েক দিন ধরে ফ্রিজে মজুত করে রাখা হয়েছিল। এমনকী, কোথাও কোথাও মাংসে ছত্রাকও মিলেছে বলে অভিযোগ। ওই সমস্ত খাদ্যসামগ্রী আধিকারিকদের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে।

শুধু মাংস-মাছ নয়, অভিযানে রেস্তোরাঁগুলিতে খাবার সংরক্ষণ ও রাখার পদ্ধতি নিয়েও প্রশ্ন ওঠে। আধিকারিকদের অভিযোগ, মসলা, ভিনিগার এবং আইসক্রিমের মতো খাদ্যসামগ্রী খোলা অবস্থায় রাখা হয়েছিল। খাবারের গুণমান এবং সংরক্ষণ ব্যবস্থা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে।

অভিযানে বাজেয়াপ্ত করা সমস্ত খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সুজিত বসুর ছেলের নামে থাকা চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি আগামী দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।

পুজোর আগে রেস্তোরাঁগুলিতে খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে এই অভিযান বলে জানা গিয়েছে। লেকটাউনের তিন রেস্তোরাঁয় একসঙ্গে অভিযান চালিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর— এক সপ্তাহ ব্যাপি কলকাতা পুরসভার তরফে শহরজুড়ে চালানো হয়েছে খাদ্য সুরক্ষা অভিযান। কোথাও মিলেছে পচা মাছ মাংস, কোথাও স্টোরেজ ফুড আবার কোথাও দেখা গেছে আরশোলা ইঁদুরের উপদ্রপ। এই অভিযানের রিপোর্টের ভিত্তিতেই ৬৫ টি খাবারের দোকান ও রেস্তরাঁর লাইসেন্স পুরসভার তরফে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।


Share