Blast

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল বাড়ির একাংশ, উঠছে বোমা মজুতের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ।পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। যদিও স্থানীয় বিজেপি ও সিপিএম কর্মীদের দাবি, বাড়িতে মজুত ছিল বোমা ও বোমা তৈরির মশলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৮

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার বেলা নাগাদ বারুইপুর পূর্বের উত্তরভাগ লালপোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়িতে ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোতলা বাড়িটির একাংশ কার্যত গুঁড়িয়ে যায়। ভেঙে পড়ে আস্ত দেওয়াল। এমনকি বাড়ির কলমের পিলারও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির জানলা ও দরজার ভাঙা অংশ প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে এক জনের আহত হওয়ার খবর মিলেছে।

ঠিক কী কারণে এত বড় বিস্ফোরণ হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের তীব্রতা ঘিরে অন্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

স্থানীয় বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই বাড়িতে প্রচুর বোমা মজুত ছিল। ভোটে জিতলে এলাকায় হিংসা ছড়ানোর জন্য বোমা ও বোমা তৈরির মশলা জমা করা হয়েছিল বলেও দাবি তাঁদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশি তদন্তে প্রমাণিত হয়নি।

স্থানীয়দের একাংশের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই ওই তৃণমূল নেতা এলাকায় নেই। এই পরিস্থিতিতে বাড়িতে কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অতীতেও বেআইনি বাজি কারখানা এবং বোমা মজুতের অভিযোগ ঘিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বারুইপুর ও সংলগ্ন এলাকাতেও এমন একাধিক ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

এবার বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই সেই পুরনো প্রশ্নই সামনে এসেছে—বাড়িতে কি সত্যিই কোনও বিস্ফোরক মজুত ছিল, নাকি গ্যাস সিলিন্ডার ফেটেই এই ঘটনা? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।


Share